Sunday, February 11, 2018

বিবিধ

১। কলিকাতার কোন বিখ্যাত ধনী ঠাকুরকে দর্শন করতে এসে নানা প্রকার কূট তর্ক উত্থাপন করতে আরম্ভ করলেন। ঠাকুর তাঁকে বললেন, "বৃথা তর্কে লাভ কি? সরলতার সঙ্গে ভগবানকে ডেকে যাও, তা হলে তোমার নিজের কাজ হবে।" কথাগুলি সেই দাম্ভিক ব্যক্তির মনোমত না হওয়ায় তিনি বলে উঠলেন, "আপনি কি সব জানতে পেরেছেন?" ঠাকুর অতি বিনীতভাবে হাতজোড় ক'রে তাঁকে বললেন, "আমি কিছু জানতে পারিনি সত্য, কিন্তু ঝাঁটা নিজে অপবিত্র হলেও যে স্থান ঝাঁট দেয়, সে স্থানকে পবিত্র করে।"

২। বনে ভ্রমণ করতে করতে রাম পম্পা সরোবরে জল পান করতে নেমেছিলেন, ধারে তীরধনুক মাটিতে পুঁতে জলে নেমেছিলেন। উঠে এসে দেখেন ধনুকে বিদ্ধ হয়ে একটি ব্যাঙ রক্তাক্ত হয়ে পড়ে আছে। রাম মহা দুঃখিত হয়ে তাকে বললেন, "তুমি শব্দ করলে না কেন? শব্দ করলে, আমরা জানতে পারতাম, তা হলে আর তোমার এদশা হতো না।" ব্যাঙটা বললে, "রাম, যখন বিপদে পড়ি, তখন 'রাম রক্ষা কর' বলে ডাকি; এখন রামই যখন মারছেন তখন আর কাকে ডাকব?"

৩। একটি সাধ্বী ভগবৎপরায়ণা স্ত্রীলোক সংসারে থেকে পতি-পুত্রের সেবা করতেন আর ভগবানের চিন্তা করতেন। একদিন রোগাক্রান্ত হয়ে তাঁর পতি প্রাণত্যাগ করেন। পতির সত্কারাদি শেষ ক'রে তিনি হাতের কাচের চুড়ি ভেঙ্গে ফেলে সোনার বালা পরলেন। সবাই জিজ্ঞাসা করায় বললেন, "আমার স্বামীর দেহ এতদিন এই কাচের চুড়ির মতো ক্ষণভঙ্গুর ছিল। তাঁর অনিত্য দেহ চলে গিয়েছে। এখন আর তিনি ক্ষণভঙ্গুর নন, তিনি নিত্য অখণ্ডস্বরূপ। তাই আমি কাচের চুড়ি ছেড়ে পাকা গয়না পরেছি।"

৪। গঙ্গাজল জলের মধ্যে নয়, শ্রীবৃন্দাবনের রজঃ ধুলোর মধ্যে নয়, আর শ্রীশ্রীজগন্নাথদেবের মহাপ্রসাদ অন্নের মধ্যে নয়। এই তিন ব্রহ্মের স্বরূপ।

No comments:

Post a Comment