Sunday, February 11, 2018

উত্তম ভক্ত

১। পাথর হাজার বৎসর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনও ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনি গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত, তারা হাজার হাজার আপদ-বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়।

২। প্রহ্লাদের স্তবে তুষ্ট হয়ে ভগবান্ বল্লেন, "তুমি কি বর চাও?" প্রহ্লাদ বল্লে, "ঠাকুর, যারা আমাকে কষ্ট-যন্ত্রণা দিয়েছে, তাদের তুমি ক্ষমা কর। তাদের শাস্তি দিলে তোমাকেই কষ্ট সহ্য করতে হবে; কারণ তুমি তো সর্বভূতেই অবস্থান কচ্ছ।"

৩। ভক্ত কেশবচন্দ্রকে দেখবার ঠাকুরের বড় সাধ হয়েছিল। তখন কেশববাবু ব্রাহ্মভক্তদের সঙ্গে ৺জয়গোপাল সেনের বেলঘরের বাগানে অবস্থান করছিলেন। ঠাকুর হৃদয় মুখুজ্যেকে সঙ্গে নিয়ে গাড়ি করে বেলঘরের বাগানে উপস্থিত হলেন। কেশববাবু তখন ব্রাহ্মভক্তদের সঙ্গে পুকুরে স্নান করবার উদ্যোগ করছেন। ঠাকুর তাঁকে দেখে বল্লেন, "এরই ল্যাজ খসেছে।" এই শুনে ব্রাহ্মভক্তেরা সবাই হেসে উঠলেন। কেশববাবু তাদের বল্লেন, "তোমরা হেসো না, ইনি যা বলছেন তার মানে আছে।" ঠাকুর তখন বল্লেন, "ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন জলে থাকে; ল্যাজ খসে গেলে জলেও থাকতে পারে ডাঙ্গাতেও থাকতে পারে। তেমনি ভগবানকে চিন্তা ক'রে যার অবিদ্যা দূর হয়ে গেছে, সে সচ্চিদানন্দ-সাগরে ডুবে থাকতেও পারে আবার সংসারেও থাকতে পারে।"

No comments:

Post a Comment