১। হীরে মতি বাজারে লক্ষ লক্ষ টাকার পাওয়া যায়, কিন্তু কৃষ্ণে মতি কটা মেলে।
২। সাদা কাঁচের ওপর কোন বস্তুর দাগ পড়ে না, কিন্তু তাতে যদি মশলা মাখান থাকে তবেই দাগ পড়ে, যেমন ফটোগ্রাফ; তেমনি শুদ্ধ মনে যদি ভক্তি-মশলা লাগান থাকে, তা হলে ভগবানের রূপ প্রত্যক্ষ হয়। কেবলমাত্র শুদ্ধ মনে ভক্তি ব্যতীত রূপ দেখা যায় না।
৩। প্রেম কাকে বলে জান? যখন হরি বলতে বলতে জগৎ তো ভুল হয়ে যাবেই, এমন যে নিজের দেহ এত প্রিয় জিনিস, তার ওপর পর্যন্ত সংজ্ঞা থাকবে না।
৪। আগে ভাব তারপর প্রেম, শেষে ভাব-সমাধি; যেমন সঙ্কীর্তন করতে করতে প্রথমে বলে, "নিতাই আমার মাতা হাতী - নিতাই আমার মাতা হাতী"; ক্রমে ভাবে মগ্ন হয়ে শুধু বলে, "হাতী, হাতী"। তারপর কেবল "হাতী" এই কথাটি মুখে থাকে। শেষে কেবল "হা" বলতে বলতে ভাব-সমাধিতে মগ্ন হয়ে যায়। এইরূপে যে ব্যক্তি এতক্ষণ কীর্তন কচ্ছিল, সে বাহ্যজ্ঞানশূন্য হয়ে চুপ হয়ে যায়।
৫। যেমন কুঁড়ে ঘরে হাতী প্রবেশ করলে ঘরকে তোলপাড় ক'রে ফেলে, সেই রকম ভাব-রূপ হস্তী দেহ-ঘরে প্রবেশ করলে দেহকে তোলপাড় করে ফেলে।
৬। যার ভগবানে ভক্তিলাভ হয়েছে, তার কিরূপ ভাব হয় জান? আমি যন্ত্র, তুমি যন্ত্রী; আমি ঘর, তুমি ঘরণী; আমি রথ, তুমি রথী; যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি, যেমন চালাও তেমনি চলি।
৭। ভগবানের পাদপদ্মে ভক্তি হলেই বিষয়-কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে আসে। তার আর বিষয়-কর্ম ভাল লাগে না। যেমন ওলা মিছরির পানা খেলে চিটেগুড়ের পানা আর কেউ খেতে চায় না।
৮। সন্ধ্যা-আহ্নিক ততদিন দরকার যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তিপ্রেম হয় ও তাঁর নাম করতে করতে চক্ষে জল পড়ে, আর শরীরে রোমাঞ্চ হয়।
৯। যাত্রার দল দেখেছ, যতক্ষণ বাজনা খচ্ মচ্ করতে থাকে, "কৃষ্ণ এস হে, কৃষ্ণ এস হে" বলে চিৎকার ক'রে গান করচে, কৃষ্ণের তখনও ভ্রূক্ষেপ নেই। সে আপন মনে সাজ পরে তামাক খাচ্ছে, গল্প করচে। যখন সে-সকল থামল, নারদ ঋষি মৃদুস্বরে প্রেমভরে গান ধরলেন, "হরি প্রাণ হে গোবিন্দ, মম জীবন", তখন কৃষ্ণ আর থাকতে পারলেন না। অমনি ব্যস্তসমস্ত হয়ে তাড়াতাড়ি আসরে নেমে পড়লেন। সাধকের ভেতরেও সেইরূপ। যতক্ষণ সাধক, "প্রভো এস হে, প্রভো এস হে" বলে চেঁচাচ্চে, ততক্ষণ জেনো, প্রভু সেখানে আসেননি। প্রভু যখন আসবেন, সাধক তখন ভাবে গদগদ হবেন, আর চেঁচাবেন না। সাধক যখন ভাবে গদগদ হয়ে ডাকে, তখন প্রভু আর দেরি করতে পারেন না।
১০। অহল্যা বলেছিলেন, "হে রাম, যদি শূকরযোনিতেও জন্ম হয়, সেও স্বীকার; কিন্তু যেন তোমার শ্রীপাদপদ্মে আমার অচলা শ্রদ্ধা-ভক্তি থাকে, আর আমি কিছুই চাই না।"
No comments:
Post a Comment