১। হাজার বছরের অন্ধকার ঘর যেমন একবার একটা দেশলাইয়ের কাটি জ্বাললে তখনি আলো হয়, তেমনি জীবের জন্ম-জন্মান্তরের পাপও তাঁর একবার কৃপাদৃষ্টিতে দূর হয়।
২। মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে, সেই সব গাছে চন্দন হয়, কিন্তু অসার - যেমন বাঁশ, কলা ইত্যাদি গাছে কিছু হয় না। ভগবৎ-কৃপা পেলে যাঁদের সার আছে, তাঁরাই মুহূর্তের মধ্যে মহা সাধুভাবে পূর্ণ হন, কিন্তু বিষয়াসক্ত অসার মানুষের সহজে কিছু হয় না।
৩। ছোট ছোট ছেলেরা একলা ঘরের ভেতরে বসে আপনমনে পুতুল খেলে, কোন ভয়-ভাবনা নেই। কিন্তু যেই মা এল, অমনি সকলে পুতুল ফেলে 'মা' 'মা' বলে কাছে দৌড়ে গেল। তোমরাও এখন ধন-মান-যশের পুতুল লয়ে সংসারে নিশ্চিন্ত হয়ে সুখে খেলা করছ, কোন ভয়-ভাবনা নেই। যদি মা আনন্দময়ীকে তোমরা একবার দেখতে পাও, তা হলে আর তোমাদের ধন-মান-যশ ভাল লাগবে না, সব ফেলে তাঁর কাছে দৌড়ে যাবে।
৪। কাদা ঘাঁটাই ছেলেদের স্বভাবসিদ্ধ; কিন্তু মা-বাপ তাদের অপরিষ্কার থাকতে দেন না; সেরূপ জীব এই মায়ার সংসারে পড়ে যতই মলিন হোক না কেন, ভগবান্ তাদের শুদ্ধ হবার উপায় করে দেন।
No comments:
Post a Comment